ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সিরাজগঞ্জে ১১ দলের প্রেস ব্রিফিং
গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ের একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে এ টি এম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চের কর্মসূচি নেওয়া হয়েছে।
বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি জনগণের রায়কে অস্বীকার করছে। তারা গণভোটের শপথ না নিয়ে জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। জনগণের রায় বাস্তবায়নের কথা বারবার বলা হলেও বিএনপি নানা অজুহাতে তা বাস্তবায়ন করছে না।
তিনি আরও বলেন, জনগণের রায় বাস্তবায়নের দাবিতে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। বিভিন্নভাবে প্রতিবাদ জানানোর পরও সরকার বিষয়টিতে কর্ণপাত করছে না। এ কারণেই তারা রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘জনগণের রায় বাস্তবায়নের দাবিতে আমরা ঢাকা-রংপুর লং মার্চ ঘোষণা করেছি।’ একই সঙ্গে সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে তা বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া মহানগর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলামসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।