ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা-সিএনজির দুই যাত্রী নিহত, আহত ৬

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৮, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা-সিএনজির দুই যাত্রী নিহত, আহত ৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে একটি বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। একই সময়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়।

এতে মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।

বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার বলেন, চলন্ত অবস্থায় বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এতে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!