লংমার্চ নিয়ে জিএমপির ফেসবুক পোস্ট, কর্মকর্তা প্রত্যাহার
বিরোধী দলের ঢাকা-রংপুর লংমার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়ার ঘটনায় পুলিশের অতিরিক্ত স্টাফ অফিসার খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) তাকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের অংশ হিসেবে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস মোড়ে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে অনুষ্ঠিত ওই পথসভায় ১১ দলীয় ঐক্যের নেতারা বক্তব্য দেন। কর্মসূচি ঘিরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ও সভাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
.png)
পথসভা শেষ হওয়ার পর জিএমপির অফিসিয়াল ফেসবুক পেজে লংমার্চ নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। এতে লংমার্চের গন্তব্য ও দাবিগুলোর পাশাপাশি কর্মসূচি গাজীপুরে প্রবেশ, ভোগরা বাইপাসে সংক্ষিপ্ত বক্তব্য এবং শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার তথ্য তুলে ধরা হয়। পোস্টে কর্মসূচিতে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগমের কথাও উল্লেখ করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর সেটি প্রথমে সংশোধন এবং পরে মুছে ফেলা হয়। এর পরই খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা বলেন, ফেসবুক পোস্টের কারণেই ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।