কাজীপুরে কাঁচা সড়কের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী-এলাকাবাসী
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে প্রায় তিন কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। চরচ্ছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয় হয়ে মাজনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত সড়কটি পাকাকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
.png)
মাজনাবাড়ী গ্রামের বাসিন্দারা জানান, প্রায় ১৪ থেকে ১৫ বছর আগে সড়কটি নির্মাণ করা হয়। এরপর উল্লেখযোগ্য কোনো সংস্কার বা উন্নয়নকাজ হয়নি। দীর্ঘদিনের ব্যবহারে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন সড়ক দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
স্থানীয় অটোরিকশাচালক মোহাম্মদ আলী বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে যানবাহন নিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। একই সঙ্গে যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত সড়কটি পাকাকরণ করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমবে।
মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছিন আলী, মানিক মিয়া, ইবা আক্তার ও আবু সাঈদ বলেন, প্রতিদিন এই ভাঙা সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয়। সড়কের অবস্থা খারাপ হওয়ায় চলাচলে নানা সমস্যা হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী মানিক ও মনি বলেন, সড়কটির বেহাল অবস্থার কারণে মালামাল পরিবহনসহ ব্যবসায়িক কাজে নানা সমস্যার মুখে পড়তে হয়। সড়কটি পাকা হলে এলাকার ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।
মাজনাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন এবং মাজনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরচ্ছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। তিনটি বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করে। বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেও সমস্যার কার্যকর সমাধান হয়নি। শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে মনসুরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া খাতুন বলেন, তিনি সড়কটি পরিদর্শন করেছেন। এ সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদ-মাদরাসায় যাতায়াতকারী মানুষ, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ জনগণ চলাচল করেন। সড়কটির অবস্থা খারাপ। তিনি এর আগেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন। আবারও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ করবেন।