ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল ইসলাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটনে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল ইসলাম
আগস্ট মাসের সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা’ পুরস্কার পেয়েছেন মফিজুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার এবং দেশি-বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মফিজুল ইসলামকে আগস্ট মাসের ‘শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা’ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ লাইনসের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে আগস্ট মাসজুড়ে ডিবি পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে চাঞ্চল্যকর ও ক্লুলেস ডাকাতির ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন অপরাধীর কাছ থেকে দেশি-বিদেশি পিস্তল, অস্ত্র-সরঞ্জাম ও মাদকদ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে প্রযুক্তিনির্ভর তদন্তের পাশাপাশি মাঠপর্যায়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় আগস্ট মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতে আরও নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/নারায়ণগঞ্জ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!