ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা জোন একাদশ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৯, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা জোন একাদশ
মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবলের ফাইনালে লক্ষ্মীছড়ি জোন একাদশকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা জোন একাদশ। ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লক্ষ্মীছড়ি জোন একাদশকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাটিরাঙ্গা জোন একাদশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, গুইমারা রিজিয়নের মাটিরাঙ্গা জোন এ প্রতিযোগিতার আয়োজন করে।

ফাইনালের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মাটিরাঙ্গা জোন একাদশ। দলের ফরোয়ার্ড আসাদ ভূঁইয়া একাই তিন গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। আর লামপাড়া একটি গোল করলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় মাটিরাঙ্গা জোনের।

Advertisement

ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন মো. এরশাদুল আলম। সহকারী রেফারি ছিলেন রাশেদুল কবির ও নজরুল ইসলাম। খেলায় ধারাভাষ্য দেন ক্রীড়া সংগঠক ফোরকান হোসেন সোহাগ।

ফাইনাল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি। এ সময় গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়াউর রহমান ও মাটিরাঙ্গা জোনের জেডএসও মেজর সামিউল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নালসহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শকেরা মাঠে উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাটিরাঙ্গা/এমকে
ট্যাগ: খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!