মেয়ের বাড়ি যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁর মান্দায় নাতিকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল সোবাহান (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা ও মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী বলিহার বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল সোবাহান নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত আজিবুল্লাহর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নাতিকে সঙ্গে নিয়ে সান্তাহারে মেয়ের বাড়ির উদ্দেশে রওনা হন আব্দুল সোবাহান। সকাল সাড়ে ৮টার দিকে বলিহার বেইলি ব্রিজ এলাকায় চলন্ত একটি সিএনজির সামনের অংশে বসে থাকা অবস্থায় হঠাৎ ছিটকে মহাসড়কে পড়ে যান তিনি।
.png)
এতে তার পা ও বুকে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে আসেন। পরে এক ভ্যানচালক তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ভ্যানচালক ভয়ে আব্দুল সোবাহানের মরদেহ ফেরিঘাট এলাকায় রেখে চলে যান বলে জানা গেছে। পরে খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মরদেহ মান্দা থানায় রাখা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, দুর্ঘটনাস্থল মহাদেবপুর থানা এলাকায়। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা রুজুর প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।