টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ভোলার লালমোহনে টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাসুম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা এলাকার মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা এলাকার মো. মোশারফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টিউবওয়েল বসানোর কাজ করছিলেন।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উত্তর ফুলবাগিচা এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করছিলেন মাসুমসহ কয়েকজন শ্রমিক। একপর্যায়ে মোটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত মাসুম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি মাটিতে পড়ে যান।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মাসুমকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।