ভৈরবে পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু, আহত ২
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোবেল মিয়া (৩৫) ও আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০)।
.png)
স্থানীয় সূত্রে জানা গেছে, গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টুর মালিকানাধীন একটি সাততলা ভবন নির্মাণের জন্য প্রায় ২০ দিন ধরে পাইলিংয়ের কাজ চলছিল। শুক্রবার সকালে পাইলিংয়ের জন্য প্রায় ৭০ ফুট লম্বা একটি লোহার খাঁচা ক্রেনের সাহায্যে গর্তে নামানো হচ্ছিল।
এ সময় হঠাৎ ক্রেনের হুক ছিঁড়ে লোহার খাঁচাটি পাশে থাকা উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইনে পড়ে যায়। এতে খাঁচাটি বিদ্যুতায়িত হয়ে যায় এবং সেটির সংস্পর্শে থাকা তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে ভবনের মালিকপক্ষ ও অন্য শ্রমিকরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, সকালে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে তিনি পাইলিংয়ের কাজ দেখতে দাঁড়িয়েছিলেন। ক্রেন ও শ্রমিকদের সহযোগিতায় লোহার খাঁচাটি গর্তে নামানোর সময় সেটি পাশের বিদ্যুৎ লাইনে জড়িয়ে যায়। এতে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, শ্রমিকরা কাজ করার সময় ক্রেনের হুক ছিঁড়ে দুর্ঘটনাটি ঘটে। তাঁর দাবি, পর্যাপ্ত সতর্কতা মেনেই কাজ চলছিল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহত শ্রমিকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা ভৈরবের উদ্দেশে রওনা হয়েছেন।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মিয়া নামে এক শ্রমিক মারা গেছেন। হাসপাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহত দুই শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।