ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে প্রথম পর্যায়ে কৃষক কার্ড পেলেন ২ হাজার ৫১৭ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁওয়ে প্রথম পর্যায়ে কৃষক কার্ড পেলেন ২ হাজার ৫১৭ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা, উপকরণ ও প্রণোদনা সহজে পৌঁছে দিতে ঠাকুরগাঁওয়ে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সদর ও রুহিয়া এলাকার ২ হাজার ৫১৭ জন কৃষকের হাতে কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলায় জরিপ ও যাচাই-বাছাই শেষে মোট ১১ হাজার ৬৪৮ জন কৃষকের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নারগুন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক-কৃষাণিদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রাথমিক পর্যায়ে কার্ড পাওয়া ২ হাজার ৫১৭ জনের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ হাজার ১৪৮ জন এবং রুহিয়া এলাকার ১ হাজার ৩৬৯ জন কৃষক রয়েছেন। এর মধ্যে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া ব্লকের ৯৬৫ জন এবং রুহিয়া এলাকার কুজিশহর ব্লকের ১ হাজার ১৭২ জন কৃষক কৃষি উপকরণ সহায়তা হিসেবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে পেয়েছেন।

Advertisement

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে প্রকৃত কৃষকদের তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ১১ হাজার ৬৪৮ জন কৃষকের তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে এসব কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষিসেবা, কৃষি উপকরণ, প্রণোদনা ও বিভিন্ন ধরনের সহায়তা সহজ ও স্বচ্ছভাবে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে প্রকৃত কৃষক শনাক্তকরণ এবং সরকারি সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে।

কার্ড হাতে পাওয়া কৃষকেরা জানান, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের ব্যয় বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। এ অবস্থায় সরকারি সহায়তা সরাসরি পাওয়ার সুযোগ তাদের জন্য সহায়ক হবে।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, কৃষক কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের কাছে সরকারি কৃষিসেবা ও প্রণোদনা সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। পর্যায়ক্রমে জেলার আরও কৃষককে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!