নওগাঁয় অবৈধ ইটভাটায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
নওগাঁর পত্নীতলা উপজেলায় যথাযথ কাগজপত্র ছাড়াই ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ চালু রাখার অভিযোগে মেসার্স এমবিএফ ইটভাটা-১ কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার মহিমাপুর (গোপীনগর মোড়) এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, গত মৌসুমে বন্ধ থাকা মেসার্স এমবিএফ ইটভাটা-১-এর নির্মাণ ও সংস্কার কাজ যথাযথ কাগজপত্র ছাড়াই চালু রাখা হয়েছে। এ ঘটনায় ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
.png)
এ সময় যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ইটভাটার নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, “যথাযথ কাগজপত্র ও অনুমোদন ছাড়া কোনো ইটভাটার নির্মাণ, সংস্কার বা কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। আইন অমান্য করে কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”