মদনে কৃষকদের তৃষ্ণা মেটাতে হাওরে টিউবওয়েল স্থাপন
নেত্রকোণার মদন উপজেলার হাওরাঞ্চলে কৃষকদের বিশুদ্ধ পানির সংকট দূর করতে নিজ উদ্যোগে একটি টিউবওয়েল স্থাপন করেছেন মাওলানা সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার তিয়শ্রী ও বৈঠাখালি হাওরের মধ্যবর্তী স্থানে টিউবওয়েলটি স্থাপন করা হয়। হাওরে বোরোসহ বিভিন্ন ফসলের চাষাবাদ ও পরিচর্যায় নিয়োজিত কৃষকদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকটের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
টিউবওয়েল স্থাপনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিজাম শেখ, হাদিস উদ্দিন, মুফতি নোমান, হাফেজ মহিবুল্লাহ, মাওলানা আসাদসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
মাওলানা সাইফুল ইসলাম বলেন, তিয়শ্রী ইউনিয়ন হাওরবেষ্টিত এলাকা। কৃষকেরা প্রচণ্ড রোদে দীর্ঘ সময় হাওরে কাজ করে ফসল ফলান। কিন্তু হাওরের মধ্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকায় তৃষ্ণার্ত অবস্থায় তাদের অনেক কষ্ট করতে হয়। কৃষকদের এই দুর্ভোগের কথা বিবেচনা করেই নিজ উদ্যোগে টিউবওয়েলটি স্থাপন করেছি।
তিনি আরও বলেন, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।
স্থানীয়রা জানান, হাওরের মধ্যে টিউবওয়েল স্থাপনের ফলে মাঠে কাজ করতে আসা কৃষকদের বিশুদ্ধ পানির সংকট অনেকটাই কমবে।