কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের মানববন্ধন ও লিফলেট বিতরণ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কটিয়াদী বাজারের রিকশার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বাজারের বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, পৌর আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার, ওলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম নূরী, পৌর জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম মাস্টারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা তৈরি করা জরুরি। এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।