জমি বিক্রি করেও বুঝিয়ে দিতে পারছেন না, ক্রেতারও জমি দখলে বাধা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি বিক্রির পর ক্রেতাকে বুঝিয়ে দিতে না পারা এবং রেজিস্ট্রি করেও জমি বুঝে না পাওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জমির ক্রেতা ও বিক্রেতা। রোববার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের আইড়ল গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির বিক্রেতা মুন্না মিয়া।
লিখিত বক্তব্যে মোগড়া গ্রামের মৃত হুমায়ুন মিয়ার ছেলে মুন্না মিয়া অভিযোগ করেন, বাবার মৃত্যুর পর তার আপন চাচা ও চাচাতো ভাইয়েরা পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করছেন। জমি নিয়ে বিরোধের জেরে তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।
মুন্না মিয়া বলেন, ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর তার বাবা মারা যান। এরপর তার চাচা ইকবাল মিয়া, ভুট্টু মিয়া ও শাহীন মিয়ার সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত ৩০ আগস্ট বিক্রি করা জমি ক্রেতাকে বুঝিয়ে দিতে গেলে তার চাচারা লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এতে তিনি ও জমির ক্রেতা দুলাল মিয়া আহত হন বলে অভিযোগ করেন তিনি।
মুন্না মিয়া আরও বলেন, 'এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর আখাউড়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে। জমি নিয়ে বিরোধের কারণে আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। জমি বুঝিয়ে দিতে গেলে ভবিষ্যতে পরিবারের সদস্যদের ওপর আবারও হামলা হতে পারে।'
সংবাদ সম্মেলনে মুন্নার ভাই মোমেন মিয়া প্রশাসনের কাছে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের পৈতৃক সম্পত্তি বুঝে পেতে সহযোগিতার আহ্বান জানান।
জমির ক্রেতা দুলাল মিয়া অভিযোগ করেন, জমি রেজিস্ট্রি করা হলেও তিনি তা বুঝে পাচ্ছেন না। উল্টো জমি বুঝে নিতে গেলে মুন্নার চাচাদের হাতে মারধরের শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় ন্যায়বিচার প্রত্যাশা করেন দুলাল মিয়া।
এ বিষয়ে আখাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাটি তদন্ত করেছেন। বিষয়টি নিয়ে আলোচনার জন্য বিবাদীকে থানায় ডাকা হলেও তিনি উপস্থিত হননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।