নওগাঁয় অনুমোদন ছাড়াই নতুন নামে ইটভাটা চালুর প্রস্তুতি
নওগাঁর মান্দা উপজেলায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বন্ধ থাকা একটি ইটভাটা নতুন নামে চালুর প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার মৈনম ইউনিয়নের জলছত্র মোড় এলাকায় অবস্থিত ‘এএমবি ব্রিকস’ সংস্কার করে ‘রাজ ব্রিকস’ নামে ভাটাটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য এখনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন ভাটাটির পরিচালক নূরুল ইসলাম।
সরেজমিন দেখা যায়, ভাটাটির বিভিন্ন অংশে নতুন করে প্লাস্টারের কাজ চলছে। ইট তৈরির খলিয়ান সংস্কারের পাশাপাশি ইট পোড়ানোর জন্য কাঠ সংগ্রহের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ভাটাটি বন্ধ ছিল। তবে নতুন নামে এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ছাড়া ভাটাটিতে বিদ্যুৎ সংযোগ চালুর উদ্যোগ নিয়েও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন ও পরিচালনার সুযোগ নেই। আইন লঙ্ঘন করে ইটভাটা স্থাপন বা পরিচালনা করা হলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
ভাটাটি চালুর প্রস্তুতি ও অনুমোদনের বিষয়ে জানতে চাইলে পরিচালক নূরুল ইসলাম বলেন, ‘কাগজপত্রের কোনো আবেদন আমরা করিনি। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কথা আছে।’
ভাটার পরিচালকদের একজন আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা জায়গাটি ভাড়া নিয়েছি। এ বিষয়ে কিছু জানি না। আপনি আল আমিনের সঙ্গে কথা বলেন।’
ভাটার মালিক বলে পরিচয় দেওয়া আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনাকে তো আমরা কোনো তথ্য দেব না ভাই। আপনি অফিস থেকে খোঁজখবর নেন।’
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, ‘এই ইটভাটাটির কোনো বৈধতা নেই। অতি শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’