ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪০, ১২ অক্টোবর ২০২৬
রাজাপুরে ইসলামিক মিশন হাসপাতালে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ
রাজাপুরের ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্স পরিদর্শন করেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুরে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইসলামিক মিশন হাসপাতাল কমপ্লেক্সে চিকিৎসাসেবার নানা অনিয়মের অভিযোগ উঠেছে। হাসপাতালটির আলট্রাসনোগ্রাম মেশিন চুরি এবং এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার তথ্য পেয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। সোমবার দুপুরে হাসপাতালটি আকস্মিক পরিদর্শন শেষে তিনি এসব তথ্য জানান।

১২ অক্টোবর দুপুরে উপজেলার কানুদাসকাঠি এলাকায় অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন সংসদ সদস্য। এ সময় হাসপাতালের কার্যক্রম, কর্মীদের উপস্থিতি ও চিকিৎসাসেবার নথিপত্র পর্যালোচনা করেন তিনি।

পরিদর্শন শেষে রফিকুল ইসলাম জামাল বলেন, হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে অনিয়মের অভিযোগ রয়েছে। আলট্রাসনোগ্রাম মেশিন চুরি হয়েছে এবং এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বন্ধ। কর্মীদের প্রতিদিনের হাজিরা থাকলেও রোগীদের কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, তার বিস্তারিত তথ্য রেজিস্টারে পাওয়া যায়নি।

তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত হাসপাতালটিতে সাধারণ মানুষ প্রত্যাশিত চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। সরেজমিন পরিদর্শনে হাসপাতালটির কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম বলে মনে হয়েছে।

সংসদ সদস্য আরও বলেন, হাসপাতালটিতে ১৫ থেকে ১৬ বছর ধরে কর্মরত ব্যক্তিরা রয়েছেন। কিন্তু চিকিৎসাসেবার তথ্য যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না। এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল খায়ের মাহমুদ, ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!