ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বিতর্কে বিজয়ী চারুখান বিদ্যালয়
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে র্যালি, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় চারুখান ডি এস দশগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো. শাখাওয়াত হোসেন এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম। এ ছাড়া বাংলাদেশ শিশু একাডেমি, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও রুম টু রিডের প্রতিনিধিরা, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চামটা বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চারুখান ডি এস দশগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় চারুখান ডি এস দশগ্রাম মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মেহেদি হাসান সোহাগ প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। পরে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। কন্যাশিশুরা যাতে নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে জীবনে এগিয়ে যেতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।