হুমকি-ধামকি দিয়ে পার পাওয়ার দিন শেষ- পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিরোধী দলকে ইঙ্গিত করে বলেন,হুমকি-ধামকি দিয়ে পার পাওয়ার দিন শেষ।
নাটোর জেলার প্রস্তাবিত বড়াল নদী অববাহিকায় পানি সম্পদ উদ্ধার (বড়াল নদী আংশিক), নারদ নদ ও মুসা খাঁ নদী পুনর্খনন প্রকল্পের এলাকা পরিদর্শন ও বৃহস্পতিবার বিকেলে তেবাড়িয়া হাটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং গঠনমূলক সমালোচনার আহ্বান তিনি।
একইসঙ্গে বিরোধী দলগুলোর উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হুমকি-ধামকি বা ব্যক্তিগত আক্রমণ করে পার পাওয়া যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বর্তমান সরকারের বৈধতা ও জনগণের রায়ের কথা তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, "বাংলাদেশের জনগণ ৫ বছরের জন্য আমাদের নির্বাচিত করেছে। আমরা কোনো রাতের ভোটে কিংবা বিনা ভোটে ক্ষমতায় আসি নাই, বরং জনগণের স্বতঃস্ফূর্ত মেন্ডেট নিয়েই সরকার গঠন করেছি।"
বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "আমরা ফেরেশতা নই, আমাদের ভুলত্রুটি হতেই পারে। আপনাদের যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ভুল চোখে পড়ে, তবে সংসদে বা নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের ধরিয়ে দিন; আমরা তা সংশোধন করে নেব। কিন্তু দেশের মানুষকে বিভ্রান্ত করতে এমন কোনো কথা বা আচরণ বলবেন না, যা সাধারণ মানুষ কখনো গ্রহণ করবে না।"
রাজনীতিতে শিষ্টাচারের সীমা লংঘনকারীদের হুঁশিয়ার করে প্রতিমন্ত্রী বলেন, "কথায় কথায় দেশছাড়া করার হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা অশালীন বাক্যবাণে কারো পরিবারকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা এ দেশের মানুষ মেনে নেবে না। আগামী ৫ বছর পর নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে। জনগণ যদি আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়, তবে তারাই আমাদের আবার নির্বাচিত করবে; অন্যথায় আপনারা ক্ষমতার দায়িত্ব নেবেন—এটাই গণতন্ত্রের নিয়ম। তবে নোংরা রাজনীতি বা হুমকি দিয়ে পার পাওয়ার দিন শেষ।"
উক্ত সমাবেশ ও পরিদর্শনকালে এলাকার অবহেলিত নদীগুলোর পুনর্খনন কাজ দ্রুত সম্পন্ন করার মাধ্যমে জনদুর্ভোগ লাঘব এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার জোরালো প্রত্যয় ব্যক্ত করা হয়।