যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। সেই সঙ্গে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এসআরবির একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। তবে ওই পাঁচ জন কারা তা জানাননি সূত্রটি।
এর আগে, রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর মতিঝিল থানায় প্রশ্নফাঁসের ঘটনায় একটি মামলা দায়ের করেন যুব উন্নয়ন অধিদফতরের উপ–পরিচালক (প্রশাসন–১) আতিকুর রহমান।
শনিবার যুব উন্নয়নের ওই প্রশ্ন ফাঁসের ঘটনায় ঢাকা শহরের বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এরপর সেই পরীক্ষা স্থগিত করে ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
২৪২টি পদের বিপরীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী।