রিয়াদ ও দাম্মাম রুটে ১৮ অক্টোবর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত
সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দেশটির দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে বৃহস্পতিবার বিকালে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিমান জানিয়েছে, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। যাত্রী চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে। এর ফলে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করারও অনুরোধ করা হয়েছে। বিমান ছাড়াও দেশের আরেক উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সও আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ রুটে সব ফ্লাইট বাতিল করেছে।
সৌদি আরবের রিয়াদ, দাম্মামসহ কয়েকটি বিমানবন্দরে গত শনিবার থেকে ইয়েমেনের স্বশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলায় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ঢাকা থেকে এ পর্যন্ত মোট ১০৩ ফ্লাইট বাতিল স্থগিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ঢাকা থেকে গত পাঁচদিনে এ পর্যন্ত ৪২টি সরাসরি ফ্লাইট এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে।
গত শনিবার থেকে ইয়েমেনি হুতি গোষ্ঠী সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। সেদিন দুপুর সোয়া ৩টায় রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে যে হামলা চালানো হয়েছে, তা সৌদিতে নিকট অতীতে চালানো সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। হামলায় এখন পর্যন্ত বিভিন্ন দেশের ১৩ জন নিহত ও ৩০৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন এবং আহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি রয়েছেন।