ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ১৬ অক্টোবর ২০২৬
সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ দুজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ আদালত। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত মামলায় এক নারীসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) শামসুজ্জোহা শাহান শাহ্।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লার মৃত দানেজ সেখের ছেলে কায়েস ওরফে বুলু সেখ এবং একই মহল্লার মৃত লিটন সেখের স্ত্রী মমতা খাতুন। মমতা খাতুন সম্পর্কে বুলু সেখের চাচি শাশুড়ি।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ১৭ জুন মাহমুদপুর মহল্লায় বুলু সেখের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় সেখান থেকে ১১২ গ্রাম হেরোইন, ২০০ ইয়াবা, মাদক বিক্রির ৬ লাখ ৪৫ হাজার ২২০ টাকা এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুলু সেখ ও মমতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অপর আসামি একই মহল্লার শাহিন সেখ বিচার চলাকালে মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী শামসুজ্জোহা শাহান শাহ্।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!