ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০, ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে নিহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হতে আরও সময় লাগবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা।

আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যেতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন সেখান থেকে চলে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা নিয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!