ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারীর ক্ষমতায়নে পুরুষের ইতিবাচক ভূমিকা নিয়ে পাথরঘাটায় কর্মশালা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ১৮ অক্টোবর ২০২৬
নারীর ক্ষমতায়নে পুরুষের ইতিবাচক ভূমিকা নিয়ে পাথরঘাটায় কর্মশালা
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় জেন্ডার সমতা প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন এবং পারিবারিক দায়িত্বের সুষম বণ্টনে পুরুষদের ইতিবাচক ভূমিকা নিশ্চিত করতে সংবেদনশীলকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দিনব্যাপী উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির শক্তি প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলে, মৌয়াল, দিনমজুরসহ স্থানীয় শতাধিক ব্যক্তি অংশ নেন।

কর্মশালায় জেন্ডার সমতা, সামাজিক বৈষম্য দূরীকরণ, নারীর নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারী ও যুবদের ক্ষমতায়নে পুরুষদের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়।

পরিবারে গৃহস্থালির কাজ ও যত্নের দায়িত্ব ভাগাভাগি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, যৌথ সিদ্ধান্ত গ্রহণ এবং বৈষম্যহীন সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন আলোচকেরা। জীবিকা, শিক্ষা, কমিউনিটি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা কার্যক্রমে নারী ও যুবদের অংশগ্রহণ এবং নেতৃত্বের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

অংশগ্রহণমূলক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করা হয়। পরিবার ও সমাজে সমতা, সামাজিক ন্যায়বিচার এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পুরুষদের দায়িত্বশীল ও সক্রিয় সহযোগিতা বাড়ানোই ছিল কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় উপস্থিত ছিলেন দোলনচাঁপা নারী দলের সভাপতি রুবি আফরোজ, শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার মরিয়াম আক্তার, কমিউনিটি অর্গানাইজার রাজিন আরা রনি এবং উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকনসহ অন্যরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!