চাঁদপুরে অবসরপ্রাপ্তদের মাঝে ২ কোটি ২১ লাখ টাকা চেক বিতরণ
চাঁদপুর পৌরসভার অবসরপ্রাপ্ত ২৪ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এককালীন বকেয়া আনুতোষিক (গ্র্যাচুইটি) বাবদ ২ কোটি ২১ লাখ ৬৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
রোববার বিকেল ৩টায় পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দীর্ঘদিন পর হলেও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রাপ্য অর্থ পেয়েছেন। ভবিষ্যতে অবসরপ্রাপ্তদের জন্য প্রতি মাসে নির্ধারিত অর্থ যেন যথাসময়ে পরিশোধ করা হয়, সে বিষয়ে পৌর প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
চেক পাওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, প্রাপ্ত অর্থ দিয়ে প্রথমে নিজেদের দেনা পরিশোধ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পৌরসভাকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পৌরসভার বকেয়া ৩০ কোটি টাকা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
শহরের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, পৌরসভার খালি জায়গায় দিনের ও রাতের জন্য পার্ক গড়ে তোলা যেতে পারে। হকারদের উচ্ছেদ না করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে, যারা পৌর কর ও পানির বিল পরিশোধে গড়িমসি করবেন, তাদের ক্ষেত্রে বিধি অনুযায়ী সেবা বন্ধের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী এবং পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার।
অনুভূতি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা ও পৌর হাফেজ মাহমুদা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জাকির শেখ এবং গীতা পাঠ করেন চন্দ্রনাথ ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরিফ মহিউদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।