সোনাইমুড়ীতে নবগঠিত ছাত্রদলের কমিটি ঘিরে আনন্দ শোভাযাত্রা
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদনের পর আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার করেন নেতারা।
রোববার (১ নভেম্বর) বিকেলে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠ থেকে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি সোনাইমুড়ী বাইপাস চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন রনি, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ইমাম হোসেন রকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাবু, সদস্য সচিব নুর হোসেন সবুজ এবং পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য সচিব আলী হোসেনসহ অন্য নেতারা।
বক্তারা বলেন, নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, বটবাহিনী ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস, দখলদারত্ব এবং অতীতের অপকর্মের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো অপশক্তি যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা জানান, দলের দুঃসময়ে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের নতুন কমিটিতে মূল্যায়ন করায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি তারা কৃতজ্ঞ।
শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।