ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
পাবনার ফরিদপুরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মো. নয়ন হোসেন (২০)। তিনি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার সমশের আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলা এলাকার একটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ব্যবসায়ী নয়ন হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট, অনিয়ম কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ দেওয়া হবে না। সাধারণ ক্রেতাদের স্বার্থ ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।