সুন্দরবনে পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ
সুন্দরবনের ফুলতলা খালে জাহাঙ্গীর বাহিনী ও মিন্টু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এক জেলে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাতটার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খালে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের সময় জাহাঙ্গীর বাহিনীর কাছ থেকে পালিয়ে লোকালয়ে ফিরে আসা জেলে মোস্তফা মোড়ল এ দাবি করেন।
মোস্তফার ভাষ্য, বুধবার (৪ নভেম্বর) রাত ৮ দিকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাকেসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জ বৃহস্পতিবার সকালে দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হলে তিনি কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন।
মোস্তফা আরও জানান, তার সঙ্গে থাকা ওসমান মোড়ল নামের এক জেলেও লোকালয়ে ফিরে আসতে পেরেছেন। তবে বাকি তিন জেলের কোনো খোঁজ তিনি জানেন না। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অপহৃত বাকি জেলেরা হলেন কামরুল গাজী, মাছুম গাজী, ইব্রাহীম গাজী। পালিয়ে আসা মোস্তফাসহ তাদের সবার বাড়ি কয়রা উপজেলার ভাগবা গ্রামে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, এবিষয়ে জেনেছি। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চলবে।