জয়পুরহাটে ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথর উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৩ কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের ৫৭০টি কয়েন ও ৭০০ গ্রাম ওজনের একটি মূর্তিসদৃশ বস্তু।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী চক্রের সদস্যরা হিলি সীমান্ত দিয়ে এসব বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু ভারতে পাচারের চেষ্টা করছে বলে তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা কয়েনগুলোর সংখ্যা ৬০ ধরনের বিভিন্ন দেশের মোট ৫৭০টি। বিজিবির হিসাবে এগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এ ছাড়া ৭০০ গ্রাম ওজনের কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তুটির মূল্য ৭০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার করা মালামালের মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় মালামালগুলো ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়। মূর্তিসদৃশ বস্তুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পাহাড়পুর বৌদ্ধবিহার-সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।