এমপি লুৎফুল্লাহেল মাজেদের বাবা মারা গেছেন
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের এমপি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদের বাবা মো. জসিম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
জসীম উদ্দীন দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ময়মনসিংহ-৮ আসনের এমপি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ছোট ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
মরহুমের জানাজার নামাজ তিনটি স্থানে অনুষ্ঠিত হবে। সোমবার বাদ এশা ঢাকার গুলশান আজাদ মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ স্থানীয় খেলার মাঠে (বড় মাঠ) দ্বিতীয় জানাজা এবং একই দিন দুপুর ২টায় বড়হিত ইউনিয়নের নশতি বাজার পস্তাইল স্কুল মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এমপি লুৎফুল্লাহেল মাজেদ মরহুমের জানাজায় সবাইকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তার বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। এ ছাড়া শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
জসীম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।