ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ১২ নভেম্বর ২০২৬
পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
বৃহস্পতিবার রাত ১২টার দিকে চট্টগ্রামের বাকলিয়ার তক্তারপুল এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে মো. সোবহান (৩০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রামের বাকলিয়ায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে মো. সোবহান (৩০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১২ নভেম্বর, বৃহস্পতিবার রাত ১২টার দিকে তক্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন সোবহানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিষয়টি জানান চমেক পুলিশ ফাঁড়ির আইসি এসআই নুরুল আলম আশেক। নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। 

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোবহানের বিরুদ্ধে অতীতে ১৮টি মাদক মামলা ও একটি হত্যা মামলার আসামি থাকার তথ্য উঠে এসেছে। এর আগে বাকলিয়ার তক্তারপুল এলাকায় মাদক কারবারের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। 

ওই হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি নিয়োগ এবং তাদের বিদেশি পিস্তল ও গুলি সরবরাহের অভিযোগও ছিল। সে সময় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছিল বলে তথ্য মিলে।

স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, পুরোনো বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁর প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। 

তবে হত্যার প্রকৃত কারণ ও কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। তবে হত্যাকারীদের গ্রেপ্তারে বাকলিয়া থানার একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।
 

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
ট্যাগ: Chittagong হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!