ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ স্পটলাইট ]

রাজউকে অফিস সহকারীই যেন ‘ক্ষমতাধর’ কর্মকর্তা, জাফর সাদেককে ঘিরে নানা অভিযোগ

মুক্তার হোসেন মুক্তার হোসেন
প্রকাশিত: ১৬:১৯, ১২ নভেম্বর ২০২৬
রাজউকে অফিস সহকারীই যেন ‘ক্ষমতাধর’ কর্মকর্তা, জাফর সাদেককে ঘিরে নানা অভিযোগ
মোঃ জাফর সাদেক ফাইল ছবি

‎রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) একজন কর্মচারী মো. জাফর সাদেক। পদে অফিস সহকারী হলেও সংস্থাটির কর্মচারী রাজনীতিতে তার অবস্থান বেশ প্রভাবশালী। তিনি রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি। পাশাপাশি রাজউক শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি। রাজনৈতিক পরিচয়, দলীয় যোগাযোগ এবং ক্ষমতার পালাবদলের সঙ্গে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের বিষয়টি নিয়েও আলোচনা রয়েছে।

‎জানা গেছে, রাজউকের এস্টেট-২ (পূর্বাচল) বিভাগের পরিচালকের দপ্তরে অফিস সহকারী হিসেবে কর্মরত মো. জাফর সাদেক আওয়ামী লীগ সরকারের আমলে কর্মচারী রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে ছিলেন। সে সময় তিনি আওয়ামী লীগপন্থী সিবিএ নেতা হিসেবে পরিচিত ছিলেন। 

‎অভিযোগ রয়েছে, ওই সময়ে শ্রমিক লীগের কার্যালয়ে তার নিয়মিত যাতায়াত ছিল। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতেও অংশ নিতেন তিনি। এমনকি বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শনে যাওয়ার বিষয়টিও নিজের বক্তব্যে স্বীকার করেছেন।

‎৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার রাজনৈতিক অবস্থানেও পরিবর্তন আসে। পরবর্তী সময়ে বিএনপিপন্থী শ্রমিক সংগঠনের রাজনীতিতে সক্রিয় হন। একদিকে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ কর্মচারী রাজনীতিতে প্রভাবশালী অবস্থান, অন্যদিকে সরকার পরিবর্তনের পর বিএনপিপন্থী সংগঠনে নেতৃত্ব—তার রাজনৈতিক অবস্থানের এই পরিবর্তন রাজউকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

‎অভিযোগ রয়েছে, রাজনৈতিক যোগাযোগ ও কর্মচারী সংগঠনে নিজের প্রভাব কাজে লাগিয়ে রাজউকের বিভিন্ন দাপ্তরিক কাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন জাফর সাদেক। নকশা অনুমোদন, ভূমি ব্যবহারের ছাড়পত্র, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর, নির্মাণ অনুমোদন, অবৈধ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন এবং ফাইল ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। এসব ক্ষেত্রে রাজনৈতিক ও সাংগঠনিক প্রভাব ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়া এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

‎বিশেষ করে বিভিন্ন হাউজিং প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজউকের অনুমোদন ও দাপ্তরিক প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করিয়ে দেওয়া কিংবা প্রয়োজনীয় সিদ্ধান্তে প্রভাব বিস্তারের আশ্বাস দিয়ে এসব সুবিধা নেওয়া হয়েছে।

‎রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে নিজের পছন্দমতো কাজ আদায় করে নেওয়ার অভিযোগও রয়েছে জাফর সাদেকের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পরিচয়, দলীয় যোগাযোগ ও কর্মচারী সংগঠনে প্রভাবের কথা বলে তিনি অনেক সময় কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেন। 

‎নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, জাফরের চাহিদা অনুযায়ী কোনো ফাইলের কাজ এগিয়ে নেওয়া, সিদ্ধান্ত পরিবর্তন কিংবা নির্দিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের প্রভাবিত করেন। কোনো কর্মকর্তা তার কথামতো কাজ করতে না চাইলে তাকে নানাভাবে চাপে রাখেন বলেও দাবি তাদের।

‎রাজউকের চেয়ারম্যানের দপ্তরে জাফর সাদেকের দীর্ঘ সময় অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। 

‎অভিযোগ রয়েছে, হাজিরা দেওয়ার পর নিজের নির্ধারিত আসনে না থেকে দিনের বড় একটি সময় চেয়ারম্যানের দপ্তরে কাটান তিনি। কখনো চেয়ারম্যানের সামনে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। এতে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের অপেক্ষা করতে হয় এবং অনেকে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। তার এমন অবস্থান নিয়ে কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ রয়েছে।

‎এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ও আলোচনায় তার উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। 

‎নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, সংস্থাটির গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও দাপ্তরিক বিষয় অনেক সময় জাফর সাদেকের সামনেই আলোচনা করতে হয়। এতে গোপনীয় তথ্য অনাকাঙ্ক্ষিতভাবে অন্যের কাছে পৌঁছে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলে তাদের আশঙ্কা।

‎তাদের প্রশ্ন, একজন অফিস সহকারীর দাপ্তরিক দায়িত্বের বাইরে গিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনায় উপস্থিত থাকার সুযোগ কীভাবে তৈরি হচ্ছে? এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো নির্দেশনা রয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

‎বিশেষজ্ঞরা মনে করেন রাজউকের মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় একজন কর্মচারীর দাপ্তরিক দায়িত্ব ও ক্ষমতার সীমা কতটুকু, তা স্পষ্ট থাকা জরুরি। রাজনৈতিক পরিচয় বা সাংগঠনিক প্রভাব ব্যবহার করে প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। কারণ, এ ধরনের প্রভাব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ও সেবাপ্রার্থীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে।

‎এব্যাপারে জাফর সাদেক বলেন, ২০২২ সাল থেকে তিনি রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক বছর ধরে রাজউক শ্রমিক দলের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

‎আওয়ামী লীগ সরকারের আমলে তার রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সে সময়ও তিনি শ্রমিক কল্যাণ ট্রাস্টের সভাপতি ছিলেন এবং শ্রমিক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ‘মজনু কমিটি’তে পদে ছিলেন বলে জানান। কুমিল্লায় তার নিজ উপজেলায় বিএনপির মূল দলের সদস্য পদেও ছিলেন বলে দাবি করেন তিনি।

‎রাজনৈতিক পরিচয় ও কর্মচারী সংগঠনের প্রভাব ব্যবহার করে রাজউকের প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে জাফর সাদেক বলেন, এসব অভিযোগ শুধু অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ। এর কোনো বাস্তবতা নেই।

‎নকশা অনুমোদন, ভূমি ব্যবহারের ছাড়পত্র, প্লট-ফ্ল্যাট হস্তান্তর ও ফাইল নিষ্পত্তিসহ বিভিন্ন দাপ্তরিক কাজে প্রভাব বিস্তারের অভিযোগও তিনি অস্বীকার করেন। একইভাবে রাজউকে নিজস্ব প্রভাববলয় তৈরি করার অভিযোগও নাকচ করেন।

‎তবে কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করে নিজের পছন্দমতো কাজ করিয়ে নেওয়া এবং চেয়ারম্যানের দপ্তরে দীর্ঘ সময় অবস্থান ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!