বোরহানউদ্দিনে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পৃথক অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানু বেগম (৪৮) ও মোঃ জাহিদ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে বোরহানউদ্দিন থানার এসআই মো. মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নারী মাদক ব্যবসায়ী রানু বেগমের বসত ঘরে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। তিনি ওই এলাকার নাদিম হোসেনের স্ত্রী।
এ ছাড়া একই দিন রাত সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিন থানার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস রোডের সামনে অভিযান পরিচালনা করে পুলিশের আরেকটি টিম। এ সময় তারা মাদক ব্যবসায়ী মো. জাহিদকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। তিনি দৌলতখান থানার উত্তর জয়নগর এলাকার মো. জামালের ছেলে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী বলেন, থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।