ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৫, ১২ নভেম্বর ২০২৬
কেন্দুয়ায় ৫৭ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা: গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় গভীর রাতে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার চেষ্টার অভিযোগে ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে।

 বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন এজাহারটি দায়ের করেন।

 এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের রোয়াইলবাড়ী-বসুরবাজার সড়কের তাঁতিবাজার ব্রিজসংলগ্ন পশ্চিম পাশে একদল লোক জড়ো হয়। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং জনমনে আতঙ্ক ছড়ায় বলে অভিযোগ করা হয়েছে।

 এজাহারে আরও উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর তৎপরতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সদস্যরা তাদের আটক করার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের নাম-পরিচয় জানা যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নস্যাৎ করা, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সম্পদের ক্ষতিসাধনের উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

 এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(২)-এর (ই)/৬(১)-এর (ই)/১০/১১/১২/১৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ আনা হয়েছে।

 মামলার তদন্ত কর্মকর্তা শওকত আলী মাহমুদ নিশ্চিত করেন ইতোমধ্যে মামলার অন্যতম আসামী মো. আব্দুর রশিদ (৫৫) ও মো. নজরুল ইসলাম (৫০) নামে দুজনকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে। 

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, পলাতক অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!