ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে ৫০ মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে কাকলি খেলাঘর, দেওয়া হলো আর্থিক সহায়তা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৫, ২২ নভেম্বর ২০২৬
ভৈরবে ৫০ মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে কাকলি খেলাঘর, দেওয়া হলো আর্থিক সহায়তা
আর্থিক সহায়তা দিয়েছে শিশু-কিশোর সংগঠন কাকলি খেলাঘর আসর।

আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্য নিয়ে কিশোরগঞ্জের ভৈরবে অস্বচ্ছল পরিবারের ৫০ জন মেধাবী এসএসসি পরীক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে শিশু-কিশোর সংগঠন কাকলি খেলাঘর আসর। শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণের জন্য এ সহায়তা দেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ভৈরব শহরের রেলওয়ে স্কুলসংলগ্ন কাকলি খেলাঘর আসরের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার অর্থ ও গোলাপ-রজনীগন্ধার ফুলের স্টিক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকলি খেলাঘর আসরের প্রাক্তন সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ শ্রম আদালতের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য হান্নান চৌধুরী, বাংলাদেশ রেলওয়ে হাইস্কুলের প্রাক্তন শিক্ষক সাইজ উদ্দিন খান, কাকলি খেলাঘর আসরের সহসভাপতি সজল কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মাহফুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও শিক্ষা সহায়তা কার্যক্রমের সভাপতি অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন কাকলি খেলাঘর আসরের সিনিয়র সহসভাপতি সাংবাদিক নজরুল ইসলাম রিপন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে হাইস্কুলের প্রধান শিক্ষক ও কাকলি খেলাঘরের প্রাক্তন সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদ, কাকলি খেলাঘরের প্রাক্তন সদস্য ও বাজিতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চন্দ্র শেখর দত্ত, সংগঠনটির যুগ্ম সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও জনি আলমসহ অতিথি ও সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন বলেন, শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। এ ক্ষেত্রে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। কাকলি খেলাঘরের এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে।

প্রধান আলোচক অধ্যাপক প্রণয় সাহা বলেন, খেলাঘর শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি একটি মানবিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজ গঠনে কাজ করে। শিশু-কিশোরদের সৃজনশীলতা, শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশে সংগঠনটির নানা কার্যক্রম রয়েছে। অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা সেই দায়িত্ববোধেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

বিশেষ অতিথি হান্নান চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে তারা আগামী দিনে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে। এ জন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ বলেন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিবেচনা থেকেই ৫০ জন শিক্ষার্থীকে এ সহায়তা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সৎ, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পরামর্শ দেন।

আলোচনা সভা শেষে ৫০ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা ও ফুল তুলে দেওয়া হয়। পরে অতিথি, শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা যৌথ ফটোসেশনে অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!