কেজিতে ৬০ টাকা কমেছে পেঁয়াজের দাম
ভারত থেকে পেঁয়াজ আমদানির পর চট্টগ্রামের চাকতাই-খাতুনগঞ্জে কমেছে পেঁয়াজের দাম। মাত্র ২০ দিনের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমেছে এ পণ্যটির দাম।
শুক্রবার নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, ওজন স্কেলের কারণে চট্টগ্রামে সাড়ে ১৩ টনের বেশি পণ্য আনা যায় না। এ কারণে পণ্যের দাম বাড়াতে হয়। তবু আমরা যতটুকু সম্ভব ছাড় দিয়ে পণ্য বিক্রি করি। বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই।
জানা গেছে, গত ৪ জুন খাতুনগঞ্জে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হলেও ২৩ জুন বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩১ টাকায়। বর্তমানে খুচরায় প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।
কাজীর দেউড়ি বাজারে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
চকবাজার কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে আসা আব্দুল মালেক বলেন, কিছুদিন আগেও পেঁয়াজ কিনতে হয়েছে ৯০ টাকায়। ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় আজ পেঁয়াজ কিনছি ৩৫ টাকায়।
চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বলেন, শুক্রবার খাতুনগঞ্জে পাইকারিতে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি মানভেদে বিক্রি হচ্ছে ২৮ টাকা থেকে ৩২ টাকা পর্যন্ত। কিছু পেঁয়াজ ২০ টাকা থেকে ২৫ টাকায়ও বিক্রি করা হচ্ছে। পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের ভাড়া বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম এর থেকে আর কমানো যাচ্ছে না।