ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালকের পদোন্নতি

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৮, ১০ জুলাই ২০২৩
বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালকের পদোন্নতি
আমজাদ হোসেন খান ও আলী আকবর ফরাজী- ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদের দুই কর্মকর্তা পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। তারা হলেন- ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক আলী আকবর ফরাজী এবং আইন বিভাগের পরিচালক আমজাদ হোসেন খান।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক মো. আলী আকবর ফরাজী নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (এফডিআইপিপি) এবং বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

Advertisement

এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে পরিচালক ও অনুষদ সদস্য হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। মো. আলী আকবর ফরাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) হতে ডিগ্রি অর্জন করেন। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামের সুপরিচিত ফরাজী পরিবারের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আইন বিভাগের পরিচালক মো. আমজাদ হোসেন খান নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি উভয় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।

তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা ও বরিশাল অফিসের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগসহ প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত জাইকা সহায়তা পুষ্ট প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেশিয়া সফর করেন। তিনি একজন রোটারিয়ান পল হেরিস ফেলো। এছাড়া তিনি সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা, খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাব ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য। তিনি মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন যশোরের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!