ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

শ্রমিকদের সমস্যা সমাধানে কমিটি গঠন করা হয়েছে: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৩, ১২ সেপ্টেম্বর ২০২৪
শ্রমিকদের সমস্যা সমাধানে কমিটি গঠন করা হয়েছে: শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া- ফাইল ফটো

দেশের শ্রমিকদের সমস্যা সমাধানে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানের জন্য একটি পর্যালোচনা কমিটি শ্রম মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়েছে। এই কমিটি শ্রম ভবনে বসবে। আমরা শ্রমিক ভাইদের আহ্বান জানাবো, যেকোনো অভিযোগ যেগুলো নিষ্পত্তিযোগ্য সেগুলো সেখানে দেওয়ার জন্য তারা শ্রম আইনের মধ্যে সমাধান করতে পারবেন। 

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা শ্রমিকদের অসন্তোষ নিয়ে প্রতিদিন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টারা আলোচনায় বসছেন বলেও মন্তব্য করেন। তিনি আরো বলেন, গতকালও আমরা বসেছিলাম, সেখানে ৬ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেখানে বসে থাকা অবস্থায় একটি বড় কোম্পানি বেতন দিতে না পারার কারণে সেখানে অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। সেই সময় আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলে ৭৯ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়। এতে সেই বেল্টের ৪০ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে। আজ সেজন্য শ্রমিক অসন্তোষ কম আছে।

Advertisement

শ্রম আইন নিয়ে কাজ করা শ্রমিক নেতারা, মালিকপক্ষ ও সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী আছেন বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন। এ প্রসঙ্গে তার মন্তব্য, তাদের কাছে অভিযোগগুলো দিলে আমরা দ্রুততম সময়ের মধ্যে যাতে এগুলো সমাধান করতে পারি সেজন্য মূলত আমাদের বর্তমান যে কমিটি তার বাইরে গিয়ে একটি রিভিউ কমিটি করে দেবো। আশা করি, দ্রুত সময়ের মধ্যে যে শ্রমিক অসন্তোষ আছে সেটা নিয়ন্ত্রণে আসবে। শ্রমিকদের যেসব সমস্যা আছে, সেগুলোর সমাধান দিতে পারবো।

এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রমসংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে ১৬৩৫৭ নম্বরে কল দেওয়ার আহ্বান জানিয়েছে । শ্রমিকরা টোল ফ্রি এ নম্বরে কল করে অভিযোগ দায়ের করতে পারবেন।
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!