ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদেরও ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০, ৪ নভেম্বর ২০২৪
আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদেরও ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক
বাংলাদেশ ব্যাংকের নাম ও লোগো- ফাইল ফটো

সরকারি ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মতো চার সিটি কর্পোরেশনে অবস্থিত আয়কর সার্কেলের অধিভুক্ত আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে জারি করা বিশেষ আদেশের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক ঐ পত্রে বর্ণিত নির্দেশনা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পরিপালন নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হলো।

Advertisement

স্বাভাবিক ব্যক্তি কর দাতাদের ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করা হলো।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সব সরকারি কর্মচারীর অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ আদেশ দেশের সব তফসিলি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, ইউনিলিভার বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস, বাটা ও নেসলে বাংলাদেশ ছাড়াও সব মোবাইল অপারেটরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলক করেছে এনবিআর।

২০২৪-২০২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে এনবিআর গত ৯ সেপ্টেম্বর অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম উন্মুক্ত করে। www.etaxnbr. gov.bd ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে জমা দিতে পারছেন। সিস্টেমটি ব্যবহার করে গত ২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার অতিক্রম করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!