ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]
অর্থ সচিব

এডিবি-বিশ্বব্যাংকের ১১০০ মিলিয়ন ডলার ঋণ আসছে ডিসেম্বরে

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৪, ১৯ নভেম্বর ২০২৪
এডিবি-বিশ্বব্যাংকের ১১০০ মিলিয়ন ডলার ঋণ আসছে ডিসেম্বরে
অর্থ মন্ত্রণালয়- ফাইল ফটো

অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে।

মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অর্থ সচিব বলেন, এডিবির সঙ্গে এরই মধ্যে ৬০০ মিলিয়ন ডলার ঋণ নেগোসিয়েশন হয়েছে। আমরা ডিসেম্বরের মধ্যে এই অর্থ পাবো। বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণ নেগোসিয়েশন হয়েছে। এটিও ডিসেম্বরের মধ্যে পাবো। এই দুটি ঋণের প্রকৃত অংক ছিল ৩০০ ও ২৫০ মিলিয়ন ডলার। দুটিই আমরা ডাবল করে পাচ্ছি।

Advertisement

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার যেসব পলিসি নিচ্ছে এগুলোর ব্যাপারে আইএমএফ ও বিশ্বব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে। আমাদের প্রকৃত যে প্ল্যান ছিল তার থেকে অনেক বেশি টাকা আমরা পাচ্ছি।

খায়েরুজ্জামান মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আইএমএফ’র কাছে অতিরিক্ত সহায়তা চেয়েছি। এর মধ্যে এই বছরে আমরা অতিরিক্ত ১ বিলিয়ন ডলার চেয়েছি। আগামী ৪ ডিসেম্বরে আইএমএফ আসবে এবং তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!