ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বব্যাংক থেকে ঋণ পাচ্ছে শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৭, ৮ অক্টোবর ২০২৪
বিশ্বব্যাংক থেকে ঋণ পাচ্ছে শ্রীলংকা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক থেকেও ঋণ পাচ্ছে শ্রীলংকা। সোমবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক ঘোষণা করেছে, শিগগিরই শ্রীলংকাকে ২০ কোটি ডলার ঋণ দেবে প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাংকের এই বিবৃতিতে বলা হয়েছে, ঋণ দেওয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতিকে আরো শক্তিশালী ও গতিশীল করতে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংক থেকে এই ঋণপ্রাপ্তি সম্ভব হয়েছে শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের তদবির এবং তৎপরতায়। সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে গত ২২ সেপ্টেম্বর শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেশটির বামপন্থি নেতা অনুরা কুমারা দিশানায়েকে।  বিশ্বব্যাংক থেকে ঋণ প্রদানের এই ঘোষণা এলো তিনি ক্ষমতা গ্রহণের ১৬ দিনের মধ্যে।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে দিশানায়েকে বলেছেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে বিশ্বব্যাংকের এই ঋণের অর্থ কার্যকর ভূমিকা রাখবে।

Advertisement

দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশের নেতৃত্বাধীন সরকারের অপব্যয় ও অদক্ষতার কারণে বিদেশি মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকে যাওয়ায় ২০২১ সালের মাঝামাঝি থেকে স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকট শুরু হয় শ্রীলংকায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, খাদ্য-জ্বালানি-ওষুধের মতো অতি জরুরি পণ্য আমদানি করার মতো অর্থও ছিলো না দেশটির ডলারের সংকটের কারণে। ক্ষমতা গ্রহণের পর ঋণের জন্য আইএমএফের কাছে আবেদন করে রনিল বিক্রমাসিংহের নেতৃত্বাধীন সরকার। আইএমএফ ২৯০ কোটি ডলার জরুরি ঋণ দিতে সম্মত হয় শ্রীলংকাকে, দীর্ঘ কয়েক মাস তদবিরের পর। সংকটে থাকা শ্রীলংকার অর্থনীতি আইএমএফের ঋণের টাকায় কোনো রকমে এগিয়ে চললেও দেশটির অর্থনীতির চাকা পুরোপুরি সচল করার জন্য প্রয়োজন আরো ঋণ সহায়তা।  

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!