মাতাল অবস্থায় গাড়ি চালানোয় ইবি বাসচালককে গণপিটুনি
মদ্যপ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালাতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাসচালক মোস্তফা কামাল। গত রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের বাবর আলী গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় তিনি উপস্থিত জনতার হাতে গণপিটুনির শিকার হন। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসন বরাবর চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস।
মঙ্গলবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, সেদিন কোনো ট্রিপ না থাকলেও তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়েছেন- এমন অভিযোগ পাওয়া গেছে। সেদিন গাড়ি চালানোর ব্যাপারে অফিস থেকে কোনো সিগন্যাল ছিল না। আমরা এ ব্যাপারে রেজিস্ট্রার বরাবর নোট পাঠিয়েছি। প্রশাসন তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেবে।
.png)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মিনি বাসচালক মোস্তফা রোববার সন্ধ্যার দিকে শহরের এন এস রোডে গাড়ি চালিয়ে সিগন্যাল মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় বাবর আলী গেট অতিক্রমের সময় মদ্যপ অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ও একটি প্রাইভেটকারকে ধাক্কা দেন। উপস্থিত জনতার কাছে বিষয়টি সন্দেহ লাগলে তারা গাড়িটি আটকান। এ সময় চালককে নিচে নামিয়ে তারা মারধর করেন। পরে প্রাণ বাঁচাতে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে পালান।
ঘটনাক্রমে ওই রাস্তায় বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিবহন প্রশাসক অধ্যাপক রেজওয়ানুল ইসলাম যাচ্ছিলেন। এ সময় তিনি গাড়িটি চেক করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন সংবাদ পেয়ে তিনি কুষ্টিয়া সদর থানা পুলিশে জানান। পুলিশি সহায়তায় গাড়িটি শহরের কাস্টম মোড়ের বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে রাখা হয়। তবে গাড়ির কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
উপস্থিত জনতার অভিযোগ, তিনি অস্বাভাবিক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি গাড়িকে ধাক্কা দেন। তাই অবস্থা বেগতিক দেখে তারা গাড়ি আটকিয়ে চালককে নিচে নামিয়ে মারধর দেন।