মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
ওই শিক্ষার্থীর নাম মারুফ হাসান জুবায়ের। মারুফ বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার সদর উপজেলায়। দুই ভাই-বোনের মধ্যে মারুফ বড়।
.png)
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি অধ্যাপক হালিমা বেগম বলেন, অসুস্থ থাকার কারণে বেশ কিছুদিন যাবত মারুফ ঢাকায় চিকিৎসা নিচ্ছিল। মঙ্গলবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
পরিবারের বরাত দিয়ে মারুফের সহপাঠীরা জানান, গত ৩০ এপ্রিল মারুফের মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে স্ট্রোক (ব্রেইন স্ট্রোক) হয়। এরপর থেকে সে কাউকে চিনতে পারছিল না। চিকিৎসার জন্য ঈদুল ফিতরের পরদিন তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে মঙ্গলবার রাত ১০টার পর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেইটে (প্রান্তিক) মারুফের লাশবাহী গাড়ি এসে পৌঁছায়। সেখানে কিছুক্ষণ রাখার পর সেটি মারুফের গ্রামের বাড়ি পাবনার উদ্দেশে রওনা হয়।
মারুফের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শোক প্রকাশ করেছেন।