ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের ভর্তি পরীক্ষায়ও প্রথম মাদরাসার ছাত্র

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:২৪, ১৭ নভেম্বর ২০২১
সাত কলেজের ভর্তি পরীক্ষায়ও প্রথম মাদরাসার ছাত্র
রাজধানীর দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছেন রাজধানীর দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম। 

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে দুপুর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষায়ও একই মাদরাসার শিক্ষার্থী মো. জাকারিয়া প্রথম স্থান অর্জন করেছিলেন। 

‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় নাজমুল ইসলাম পেয়েছেন ৮৭ নম্বর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্টে প্রাপ্ত স্কোর সহ তার সর্বমোট প্রাপ্ত নাম্বার ১০৭। রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন তিনি।  

Advertisement

এছাড়া দ্বিতীয় হয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মো. আবু কাউসার। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৬। তার মোট স্কোর ১০৬। তিনি ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছিলেন। তৃতীয় হয়েছেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন। তার ভর্তি পরীক্ষার স্কোর ৮৭। তার মোট স্কোর ১০৫.৯৪। তিনি সরকারি বাংলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। 

এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১ হাজার ৯০৫ আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২১ হাজার ১৩২ জন। পাস করেছেন ১৪ হাজার ৩৮২ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৬৭ দশমিক ৯ শতাংশ।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!