সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাস ৬৭.৯%
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছে ৬৭.৯ শতাংশ পরীক্ষার্থী।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।
জানা যায়, ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২১ হাজার ১৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন। এই ইউনিটে মোট আসন সংখ্যা ১১ হাজার ৯০৫টি।
.png)
এবার ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন মো. নাজমুল আলম নামে এক পরীক্ষার্থী। তিনি রাজধানীর দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার ছাত্র ছিলেন।
যেভাবে ফলাফল জানা যাবে :
ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ছাত্র/ ছাত্রীরা তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর এর মাধ্যমে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।
এছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU CHM<roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করে ফিরতি মেসেজ-এ পরীক্ষার্থী তার ফলাফল জানতে পারবে।
পাসকৃত শিক্ষার্থীদেরকে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ২০ ডিসেম্বর বিকেল ৫টা ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদানসাপেক্ষে আগামী ২১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ২১ নভেম্বর থেকে ২৯ নভেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস হতে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।