তিন লাখ টাকার চুক্তিতে ভর্তি জালিয়াতি, সাক্ষাৎকারে ধরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আরেক ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ‘এফ’ ইউনিটের অধীনে আইন অনুষদে সাক্ষাৎকার দিতে আসলে তাকে আটক করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক রায়ান আমিন আফ্রিদির (১৯) বাড়ি চাঁদপুরের সদর উপজেলায়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
.png)
প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ওই ভর্তিচ্ছুর মূল পরীক্ষার ওএমআর-এর সঙ্গে সাক্ষাৎকারের সময়ের হাতের লেখায় মিল ছিল না। আইন অনুষদের ডিন বিষয়টি আমাদের জানালে আফ্রিদিকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসি। পরে জিজ্ঞাসাবাদ করলে, সে তার অপরাধ স্বীকার করে। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে রায়ান আমিন আফ্রিদি জানান, আমার ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সনেট নামে একজনের সঙ্গে পরিচয় হয়। পরে জাবিতে এসে তার সঙ্গে দেখা করি। এ সময় তিনি আমার মূল কাগজপত্র নিয়ে যায়। তিনি আমার হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরে ভর্তি পরীক্ষায় আমার মেধাক্রম আসে ৫২। তার সাথে তিন লাখ টাকার বিনিময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেয়ার চুক্তি হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এরপর তাকে পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে। পাশাপাশি আমরা জালিয়াতি চক্রের বাকি সদস্যদের ধরার চেষ্টা করছি।
এর আগে, বুধবার বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে সাক্ষাৎকার দিতে আসা মোস্তফা কামাল নামে আরেক ভর্তিচ্ছুকে আটক করে আশুলিয়া থানার সোর্পদ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার বিরুদ্ধেও আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া শুরু হয়। এদিন এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই ইউনিটের সাক্ষাৎকার নেয়া হয়। বৃহস্পতিবার ডিসেম্বর এ, সি, ডি, এফ, জি, এইচ এবং আই ইউনিটের বাকি ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকারের সময়ে ভর্তিচ্ছুদের বিভাগ পছন্দক্রমের ফরম পূরণ করে সঙ্গে আনতে হয়েছে।
অন্যদিকে গত ২৮ থেকে ৩০ নভেম্বর সি১ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়। আর চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৮ নভেম্বর।
সব ইউনিটে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ৭ ডিসেম্বর। অনলাইনে এ ভর্তি কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।