ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাবিছাত্রীর রহস্যজনক মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ইফতেখার আবেদীনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মেঘলার মৃত্যু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এটাকে আত্মহত্যা বললেও মেঘলার পরিবারের দাবি, এটি হত্যাকান্ড।
পাঁচ-ছয়মাস আগে কানাডাপ্রবাসী ইফতেখারের সঙ্গে মেঘলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বনানীতে শ্বশুরবাড়িতে থাকতেন। তবে তার স্বামী কানাডাতেই ছিলেন। তিন-চার দিন আগে ইফতেখার দেশে ফেরেন। বনানী ২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসাটি তাদের।
জানা যায়, বিকালে মেঘলাকে গুলশান ইউনাইটেড হসপিটাল লিমিটেডে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মেঘলার মা সিমথি চৌধুরী বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
মেঘলার সহপাঠী মর্জিনা নাসরিন মুমু বলেন, আমাদের প্রথমে জানানো হয়েছে মেঘলা আত্মহত্যা করেছে। কিন্তু আমরা হাসপাতালে তার শরীরে মারধরের আঘাতের চিহ্ন দেখতে পাই।
এ ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, মেঘলার শরীরে আঘাতের চিহ্ন পাওয়ার কথা শুনেছি। আমরা তার পরিবারের সঙ্গে মিলে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীর পরিবারের পক্ষে কাজ করবে। ন্যায়বিচারের জন্য যা যা করা দরকার তা করবে। হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা রয়েছেন বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি নুরে আজম মিয়া বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।