দুই হাতে কবর দিলাম মিতুকে, কী যে যন্ত্রণা!
শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে সোনাইমুড়ীতে রওনা দিলাম ব্যাচের ৩৫ জন। মিতুর দ্বিতীয় জানাযায় শরীক হলাম। শেষ দেখা আর হলো না। দেখিনি। কারণ আমার চোখে মিতুর পূর্বের চেহারাটাই থাক। চাকায় পিষ্ট হওয়া, মগজহীন, বিকৃত চেহারা কেন দৃশ্যপটে থাকবে। মিতুর পরিবার মিডল ক্লাসের। তিন মেয়ের ভেতর সে বড়। অনেক কষ্ট করে তাকে ঢাকায় মানুষ করেছে বাবা। আজ উনি সর্বশান্ত। মামলা করতে ভয় করছিল আর্থিক ও চাপে। ভরসা দিলাম আমরা সহপাঠী, বিভাগ ও বিশ্ববিদ্যালয় পাশে আছি।
থানায় ফোন করে এজাহার করা হলো সড়ক ও পরিবহণ আইনে। কবরের বাঁশ সহপাঠীরা হাতে হাতে বহন করে দাফন সম্পন্ন করলাম। কী যে যন্ত্রণা! আমাকে অনেকে বলেন শক্ত মানুষ। কিন্তু তোর সঙ্গে আমাদের স্মৃতি কেন দু'চোখ বেয়ে ঝরে।
রাস্তায় রক্তের দাগ এখনো শুকায় নাই। শুকনো মগজও পড়ে আছে। তোর কাছ থেকে নেয়া প্রথম বর্ষে ভুলে যাওয়া ২০ টাকা রিকশা ভাড়ার ঋণ আর শোধ করা হলো না। তবে জানি, এখন তুই চাস তোর হত্যার বিচার। নানাবাড়ির সামনেই সবাইকে কেঁদে কেটে বিদায় নিতে রাস্তায় উঠেছিলি, রং সাইড থেকে ট্রাককে থামাতে হাত ইশারা করলি। থামবে কিভাবে, তার তো লাইসেন্সই নেই। নেই বয়স। কানে হেডফোন আর তোর খালাতো ভাইয়ের ভাষ্যমতে ইটবাহী ট্রাকের সেই ঘাতক চালক ছিল মাতাল। ফল দেখে এলাম তোর ভাঙ্গা চশমা ও রক্ত মাখা জুতো জোড়া কোলে নিয়ে কাঁদছে তোর বোন। তোর নানুর পাকা দাড়ি বেয়ে ঝরছে অশ্রু। তোর হত্যার বিচার হবে দেখিস। পরপারে ভালো থাকিস বন্ধু।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা আক্তারের মৃত্যুর পর এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন তার সহপাঠী রকি আহমেদ।
সাবরিনা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ছিলেন। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া সেমিস্টার পরীক্ষা দিতে ঢাকায় আসার পথেই সড়ক দূর্ঘটনার শিকার হন সাবরিনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।