ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাকা কলেজে নতুন চার বিভাগ চালুর উদ্যোগ

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১১, ১৯ ডিসেম্বর ২০২১
ঢাকা কলেজে নতুন চার বিভাগ চালুর উদ্যোগ
বক্তব্য রাখছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

নতুন চার বিভাগ চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা কলেজ। এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বিভাগগুলো হলো আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মার্কেটিং ও ফিন্যান্স বিভাগ।

শনিবার (১৮ ডিসেম্বর) ঢাকা কলেজ সাংবাদিক সমিতির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম বাস্তবতা ও ক্যাম্পাস সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উল্লাহ খোন্দকার বলেন, বাংলাদেশে প্রথম ১৮৬৩ সালে আইন বিষয়ে পড়ানো শুরু হয় এই ঢাকা কলেজে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট হয়ে যাওয়ায় আবার বন্ধ হয়ে যায়। এজন্য আমরা গত ১৫ ডিসেম্বর ঢাকা কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় নতুন করে এ বিভাগ গুলো খোলার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি। এটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিব। 

Advertisement

এছাড়াও তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যুক্ত হতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। জনমত গঠনে এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরো এগিয়ে নিতে হবে।  

ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সমিতিকে বেশি বেশি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে হবে। সাংবাদিকদের দেশ গড়ার কান্ডারি হিসেবে ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মইনুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানে সাংবাদিকতা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা মূলক কার্যক্রমের দ্বার উন্মোচিত হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবে সংশ্লিষ্টদের অবশ্যই নজর রাখতে হবে যেন বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস শিকদার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা মল্লিকসহ সাবেক নেতৃবৃন্দ, ঢাকা কলেজের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) সভাপতি নাজমুস সাকিব। 

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। কলেজের মূল প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে মিরপুর রোড প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয় র‍্যালিটি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!