শাবিপ্রবিতে সিঙ্গেল পরিষদের বিক্ষোভ
ভালোবাসা দিবসের পবিত্রতা রক্ষা ও অশ্লীলতা প্রতিরোধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সিঙ্গেল সমাবেশ করেছে শাবিপ্রবি সিঙ্গেল পরিষদ।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে এ বিক্ষোভ শুরু করে তারা। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে কেক কাটা হয়।
বিক্ষোভ মিছিলে সিঙ্গেলরা ‘সিঙ্গেল ছিলাম, সিঙ্গেল আছি’, ‘সিঙ্গেল আছি, সিঙ্গেল থাকবো’, ‘একটা একটা কাপল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’, ‘সিঙ্গেল আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিপুন-সোহাগ পরিষদ, সিঙ্গেল পরিষদ’ ইত্যাদি স্লোগান দেয়।
.png)
কেক কাটা শেষে সিঙ্গেল পরিষদের সভাপতি মোজাফফার তানভীর নিপুন বলেন, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ভালোবাসার নামে নোংরামি ও অশ্লীলতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা সিঙ্গেল পরিষদ সিঙ্গেল থাকবো। সিঙ্গেল মানে একা থাকা নয়, সিঙ্গেল মানে নিজেকে কিছু সময় উপহার দেওয়া।
উল্লেখ্য, গতকাল রোববার শাবিপ্রবির সিঙ্গেল পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একইসাথে মোজাফফার তানভীর নিপুনকে সভাপতি ও মো: সোহাগ মিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।