ভর্তির ফরম বিক্রির ২০ কোটি টাকা ভাগ-বাটোয়ারা, জাবিতে ইউজিসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা থেকে প্রাপ্ত আয়ের টাকা ভাগ-বাটোয়ারা করে নেয়ার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তদন্ত কার্যক্রম শুরু করেন ইউজিসির তিন সদস্যের তদন্ত কমিটি।
এ সময় ইউজিসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, তদন্ত কমিটির প্রধান ও ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। এছাড়া অন্যরা হলেন- ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মোস্তাফিজার রহমান ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দোস্তগীর প্রমুখ।
.png)
অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান প্রমুখ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাবির ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি ফরম বিক্রি করে প্রায় ২০ কোটি টাকা আয় হয়। এর মধ্যে ৮ কোটি টাকার বেশি শিক্ষক-কর্মকর্তারা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নেন বলে অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।